রোহিঙ্গাদের কাছে ক্ষমা চান, খালেদা জিয়াকে হাছান মাহমুদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রোহিঙ্গাদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ।
জাতীয় স্বাধীনতা পার্টি ও জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ পরামর্শ দেন। আজ বৃহস্পতিবার শেরেবাংলার মাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, ‘আপনি তিন মাস পর রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন, প্রথমে গিয়ে রোহিঙ্গাদের কাছে ক্ষমা চাইবেন। সেখানে গিয়ে দয়া করে কোনো উসকানিমূলক বক্তব্য ও উসকানি দেবেন না।’ এ সময় খালেদা জিয়াকে প্রশ্ন করে হাছান মাহমুদ বলেন, ‘আপনি প্রায় তিন মাস পর রোহিঙ্গা শরণার্থীশিবিরে যাচ্ছেন, আপনি এত দিন কেন লন্ডনে বসে ছিলেন? আপনি কোনো হাসপাতালে ভর্তি ছিলেন না। আপনার কোনো অপারেশন হয়নি। আমরা শুনিনি, বিএনপি নেতারাও বলেননি।’
হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, ‘রোববার রোহিঙ্গা শরণার্থীশিবিরে গিয়ে নিশ্চয় তাদের পরিবার-পরিজনদের কীভাবে হত্যা করা হয়েছে, কীভাবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং মিয়ানমারে কীভাবে মানুষকে জীবন্ত হত্যা করা হয়েছে, এগুলো শুনবেন। আপনার নেতৃত্বে কীভাবে পেট্রলবোমা হামলা করা হয়েছিল, কীভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেগুলো একটু শুনিয়ে আসবেন। তাহলে দেখবেন তাদের কাহিনিগুলো আর আপনার ঘটানো পেট্রলবোমা হামলাগুলো এক এবং দুটির মধ্যে প্রচণ্ড মিল খুঁজে পাবেন।’
জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল এবং এম এ করিম।