রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, অং সান সু চির হাতে যেমন রোহিঙ্গাদের রক্ত-মাংসের পোড়া গন্ধ, তেমনি বিএনপি নেতাদের হাতেও সাধারণ মানুষের রক্ত-মাংসের পোড়া গন্ধ। তাই রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রয়াত কণ্ঠশিল্পী আবদুল জব্বারের শোকসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগ এই শোকসভার আয়োজন করে।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে দাবি করে আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র বলেন, দেশের মানুষ যখন বন্যায় ভাসছিল, তখন বিএনপি নেত্রী লন্ডনে বসে শপিং করছিলেন। খালেদা জিয়া পারতেন রোহিঙ্গাদের দুর্দশা দেখে ছুটে আসতে। কিন্তু আসেননি, তাঁরা এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন।
সারা বিশ্ব যখন রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের প্রশংসা করছে, তখন বিএনপি সমালোচনা করছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, জাতিসংঘের মহাসচিব, যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করছেন।
নোবেল পুরস্কারের কমিটিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, সু চির মতো শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে কেউ যেন আর এমন বর্বরতা করতে না পারে, সে বিষয়েও নোবেল কমিটিকে চিন্তা করতে হবে।