রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে বর্বর নির্যাতনের শিকার ও উচ্ছেদ হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।
বিএনপির মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ওপর নিপীড়নে বাংলাদেশ সরকারের দ্রুত তৎপরতা দেখানো উচিত ছিল। উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের তাৎক্ষণিকভাবে বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের বাঁচানো যেত। পরবর্তীকালে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো যেত। তিনি বলেন, অকারণে অনেক বিষয়ে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালেও রোহিঙ্গাদের বিষয়ে নীরবতা রহস্যজনক।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নজিরবিহীন মুসলিম নির্যাতন অব্যাহত রয়েছে। সেখানে নির্বিচারে গণহত্যা চলছে। সরকারি বাহিনীর নৃশংসতায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা দিশেহারা। তাদের ওপর নির্যাতনের নির্মমতা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রোহিঙ্গাদের বাড়ি বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। নারী-শিশুসহ মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হয়, মুসলমানদের কোনো মানবাধিকার থাকতে পারে না।
বিবৃতিতে মির্জা ফখরুল রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করা থেকে মিয়ানমার সরকারকে বিরত রাখতে এবং অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান।