রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার থেকে কক্সবাজারের জেলা প্রশাসকের
নেতৃত্বে এই কার্যক্রম শুরু করা হবে। এ কাজে সরকারকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) সহযোগিতা করবে।
বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা করবে পাসপোর্ট অধিদপ্তর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের সহযোগিতা করছি। তাদের পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্র ছাড়া রোহিঙ্গা শরণার্থীরা কোনো ধরনের চিকিৎসাসেবা, খাবারসহ দেশি বা বিদেশি সাহায্য সহযোগিতা পাবে না।’ তিনি বলেন, কতজন মিয়ানমার থেকে বাংলাদেশে এল, তার একটি তথ্যভান্ডার করা হবে।
বৈঠক সূত্র জানায়, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ২ হাজার একর জায়গা চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা চলবে। বাংলাদেশে এ পর্যন্ত ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ্ কামাল প্রথম আলোকে বলেন, বৈঠকে রোহিঙ্গাদের থাকার জন্য ক্যাম্প স্থাপন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, উখিয়া উপজেলার কুতুপালংয়ের কাছে ২ হাজার একর জায়গায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করা হবে। সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রোহিঙ্গারা কক্সবাজারে ঢুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাই তাদের এক জায়গায় রাখতে শুধু বালুখালী থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আলাদা সেল গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে এই সেল গঠন করে রোববার অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) মো. সামছুর রহমান সেলের প্রধান সমন্বয়ক এবং যুগ্ম সচিব মো. শফিকুর রহমান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সেলে ফোকাল পয়েন্ট হিসেবে থাকবেন উপসচিব আবু হেনা মোস্তফা জামান।
প্রজ্ঞাপনে বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সহিংসতা ও উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের ওপার থেকে বাংলাদেশ ভূখণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের কারণে কক্সবাজার, বান্দরবান জেলাসহ সন্নিহিত সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের সুবিধার্থে রোহিঙ্গা সেল গঠন করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ, পুশব্যাক-সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষণ করবে সেল।
রোহিঙ্গাদের বিষয়ে সরকার কৃপণতা করছে না: সংসদে দুর্যোগমন্ত্রী
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের খাওয়া বা চিকিৎসার বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো কৃপণতা নেই বলে জাতীয় সংসদকে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।
গতকাল রোববার সংসদ অধিবেশনে সরকারি দলের সাংসদ কামাল আহমেদ মজুমদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন৷ এর অগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়।
ত্রাণমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের আশ্রয় দেওয়ার জন্য ২ হাজার একর জায়গা চিহ্নিত করা হয়েছে। তাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের কোনো ধরনের কৃপণতা নেই। এ ছাড়া ঠেঙ্গারচরে ১০ হাজার একর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে রোহিঙ্গাদের আপাতত রাখা হবে। সেই সঙ্গে মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা চলবে।