মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।
তিনি গতকাল দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘ভোটার তালিকা হালনাগাদ-২০১৭ জেলা সমন্বয় কমিটি ও উপজেলা বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজারের ইউনিট কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজারের ইউনিট কমান্ডার মোহাম্মদ শাহজাহান বলেন, গুটি কয়েক জনপ্রতিনিধির ইন্ধনে রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে। এ ব্যাপারে কঠোর নজরদারি দরকার।
মুক্তিযোদ্ধা শাহজাহানের এই বক্তব্যের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত জনপ্রতিনিধিরা আপত্তি তোলেন। অনেকে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এ সময় জেলা প্রশাসকসহ অতিথিরা জনপ্রতিনিধিদের শান্ত করেন।
রোহিঙ্গাদের ভোটার হওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, রোহিঙ্গাসহ কোনো বিদেশিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ নেই। রোহিঙ্গাদের ভোটার হওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। কেউ এ ধরনের অনৈতিক কাজে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।