রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানকে অপসারণের নিন্দা জেএসএসের
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে ক্য বা মং মারমাকে অপসারণের আদেশে জনসংহতি সমিতি (জেএসএস) গতকাল মঙ্গলবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ক্য বা মংকে চেয়ারম্যান পদে পুনর্বহাল ও তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে জেএসএস।
জেএসএসের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কায়দায় সরকার জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ক্য বা মংকে অপসারণ করেছে। অপসারণ আদেশে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। বাস্তব অবস্থা হচ্ছে, জেএসএসের জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্য বা মং মারমার বিরুদ্ধে একের পর এক অপহরণ, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সরকারের একটি বিশেষ মহল চেয়ারম্যানের পদ থেকে তাঁকে অপসারণের জন্য ক্ষমতার অপব্যবহার করে তাঁর বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করেছে। ওই বিশেষ মহলের ক্ষমতার অপব্যবহারের শিকার ক্য বা মংয়ের বিরুদ্ধে উল্টো ক্ষমতার অপব্যহার ও অসদাচরণের অভিযোগ এনে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অপসারণের আদেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক আদেশের মাধ্যমে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে অপসারণ করা গণতন্ত্র ও জনগণের রায়কে বুড়ো আঙুল দেখানোর শামিল।
গত ২২ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে ক্য বা মং মারমাকে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অপসারণ করা হয়।
ক্য বা মং মারমা বলেছেন, সরকারি দলের একটি মহল তাঁকেসহ জেএসএসের জেলার শীর্ষ সব নেতার বিরুদ্ধে পাঁচ-ছয়টি মামলা দায়ের করেছে। এর মধ্যে তাঁকে চারটিতে আসামি করা হয়েছে। এর একটি মামলা ইতিমধ্যে আদালত খারিজ করেছেন। আরও তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি কয়েক মাস ধরে দাপ্তরিক কাজ করতে পারেননি। এ জন্য তাঁকে অপসারণের ক্ষেত্রে দাপ্তরিক কাজে অনুপস্থিতিরও অভিযোগ আনা হয়েছে।