রৌমারীতে আ.লীগের সম্মেলনে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে গতকাল সোমবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার অভিযোগ তুলে বিবদমান দুই পক্ষ এই ঘটনা ঘটায়।
এ সময় সংবাদ সংগ্রহ করতে এসে দৈনিক যুগান্তর-এর রৌমারী প্রতিনিধি এস এম সাদিক হোসেন লাঞ্ছিত হন। পুলিশের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রৌমারী সিজিজামান উচ্চ বিদ্যালয় মাঠে রৌমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হয়। সন্ধ্যায় ভোট গ্রহণের আগ মুহূর্তে প্রার্থীদের মাঝে তুমুল হট্টগোল ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সভাপতি পদের দুই প্রার্থীর লোকজন লাঠিসোঁটা, রামদা ও হকিস্টিক নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার কারণে ভয়ে কাউন্সিলররা ভোটকেন্দ্র ত্যাগ করেন। এ সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ভোট গ্রহণ বাতিল করে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বিজয়ী সভাপতি প্রার্থী হিসেবে রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলামের নাম ঘোষণা করেন।
সাধারণ সম্পাদক পদের তিন প্রার্থী ফজলুর করিম, আবিদ শাহরিয়ার ও বিপ্লব রহমান অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে ভোট বানচাল করে দিয়েছেন। তাঁরা ওই ফলাফল মানেন না এবং পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বদিউজ্জামান বাচ্চু এবং রৌমারী সদর ইউপির ৪ ও ২ নম্বর ওয়ার্ডের নেতারা অভিযোগ করেন, ৪ ও ২ নম্বর ওয়ার্ডে অনিয়মতান্ত্রিকভাবে ভোটার করা হয়েছে। দলের পরীক্ষিত ও সক্রিয় কর্মীদের বাদ দিয়ে কেবল নিজের স্বার্থে সভাপতি প্রার্থী রাজু আহমেদ অনেক লোককে ভোটার (কাউন্সিলর) করেছেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন দাবি করেন, দলে যাতে ভাঙন না ধরে সে জন্য সমঝোতার মাধ্যমে ওই ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট নিলে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা ছিল।
রৌমারী থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ‘তাৎক্ষণিকভাবে ওটা ঘটেছে। পরে আমরা ওই সাংবাদিককে সেভ করেছি।’