র্যাব-পুলিশ কীভাবে চলবে ঠিক করবে সরকার: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইউরোপ ও আমেরিকার উদ্দেশে বলেছেন, ‘র‌্যাব-পুলিশ কীভাবে চলবে, সেটা বাংলাদেশ সরকার ঠিক করবে। এ ব্যাপারে নাক গলাবেন না। এটা উচিত নয়।’
গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে অসচ্ছল ভূমিহীন মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের বাড়ির নির্মাণকাজ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ দেখতে চান, তাহলে গুরুত্বপূর্ণ নেত্রী বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসী, জঙ্গি ও যুদ্ধাপরাধী বর্জনের পরামর্শ দেবেন। এটা না দিয়ে আমাদের র‌্যাব-পুলিশ কীভাবে চলবে, সেই পরামর্শ দিতে আসবেন না।’
বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোকে দেশের আইনকানুনগুলো পড়াশোনা করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, আইনকানুন না জেনে যাঁরা ভুল রিপোর্ট দিচ্ছেন, তাঁরা দেশের ক্ষতি করছেন। এ সময় অন্যান্যের মধ্যে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলী উপস্থিত ছিলেন।