র্যাব পুলিশ ছাড়া মাঠে নামুন, দেখবেন...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘ক্ষমতা ছেড়ে র্যাব ও পুলিশ ছাড়া মাঠে নামুন, দেখবেন কে কার পা ভেঙে দেয়।’ আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আওয়ামী লীগের নেতাদের এ হুঁশিয়ারি দেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বই ও ইতিহাস থেকে কথা বলায় আওয়ামী লীগ নেতাদের গায়ে আগুন ধরে গেছে।’ তারেক রহমান ভুল বলে থাকলে বই নিয়ে এসে তা প্রমাণ করতে তিনি ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের নেতাদের হুঁশিয়ার করে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের দায়িত্বশীলরা বলছে বিএনপির চামড়া তুলে ফেলবে, পা ভেঙে দেবে, গায়ে আগুন লাগিয়ে দেবে। ক্ষমতা ছেড়ে দিয়ে র্যাব ও পুলিশ ছাড়া মাঠে নামুন, দেখবেন কে কার গায়ের চামড়া তুলে নেয়, পা ভেঙে দেয়।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, সরকার এখন পর্যন্ত ৩০ হাজার কোটি টাকা লুট করেছে। গত তিন মাসে ৯২ জন গুম, ১১২ জন অপহরণ ও ৩১০ জন খুন হয়েছে। সরকার সারা দেশকে অস্বস্তিকর কারাগারে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৬৪-এর আন্দোলন, আইয়ুব খানের শাসন, এইচ এম এরশাদসহ সবারই পতন আমরা দেখেছি। ইতিহাস ভুলে যাবেন না।’ বিচার বিভাগ পুলিশের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা। সম্মেলনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঞা প্রমুখ।