র্যাব-পুলিশ এখন খুন-গুমের প্রতিষ্ঠান: খালেদা জিয়া

র্যাব ও পুলিশ এখন মানুষ হত্যা ও গুম করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০–দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা ভালো নয়, দাবি করে খালেদা জিয়া প্রশ্ন রাখেন, ‘কারা এর সঙ্গে জড়িত?’ তিনি বলেন, ‘এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত। পুলিশ ও র্যাব জড়িত।’
বিএনপির উন্নয়নের ‘লিস্ট’ বলতে গেলে সময় শেষ হয়ে যাবে:খালেদাবিএনপির এই নেত্রী বলেন, ‘পুলিশ দুর্নীতি করছে, অনিয়ম করছে কিন্তু পুলিশকে কিছু বলা হয় না। র্যাব কত মানুষকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে সাত খুন বলে, আসলে ১১ জন খুন হয়েছে। নৌকায় করে যারা লাশগুলো নদীতে ডুবাতে নিয়ে গেছে, ওই মাঝিদেরও মেরে নদীতে ডুবিয়ে দিয়েছে। র্যাব মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইয়াং ইয়াং ছেলেপেলেদের উঠিয়েছে। র্যাব মানুষ খুন করার এখন প্রতিষ্ঠান। বিদেশিরা মনে করেন এই র্যাবকে কোনোভাবেই আর থাকতে দেওয়া উচিত নয়। যে র্যাবের দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেই র্যাব আজ রাতের বেলায় ইয়াং ছেলেদের বাড়িতে গিয়ে তাদের মা-বোনদের বলেন, আমরা নিয়ে যাচ্ছি একটু পর ফিরিয়ে দিয়ে যাব। আর ফিরিয়ে দেওয়া হয় না। খোঁজ পাওয়া যায় না।’
নিজ দলের কর্মীদের খুন-গুমের পরিসংখ্যান তুলে ধরে খালেদা জিয়া বলেন, ‘র্যাব পুলিশ দিয়ে ৩১০ জন মানুষ খুন করেছে আর গুম করেছে ৫৬ জন। কিন্তু তারা এই লোকগুলোকে ফিরিয়ে দিতে পারে নাই। র্যাব এখন মানুষ হত্যা করার, গুম করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেজন্যই আমরা দাবি করেছি র্যাবকে বাতিল করে দিতে হবে।’
পুলিশের প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, পুলিশ জনগণের সেবক। সেই পুলিশ আজ মানুষকে ধরে নিয়ে যায়, গুম করে, খুন করে টাকার বিনিময়ে জেল দেয়, আবার জেল থেকে ছুটায়। পুলিশ ধরে নিয়ে গিয়ে থানায় টাকা চায়। টাকা দিতে না পারলে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। আজ পুলিশ মানুষের সেবক না হয়ে মানুষ হত্যার কাজে লিপ্ত হয়েছে।’
খালেদা জিয়া তাঁর সরকার ও বর্তমান সরকারের তুলনা করে বলেন, বিএনপির সময় দেশে বিনিয়োগ বেড়েছিল এখন দেশি–বিদেশি কোনো বিনিয়োগকারী এ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। এজন্য এখন বিনিয়োগ কমছে।
রিহ্যাব প্রসঙ্গে বলেন, আজ রিহ্যাব মাথায় হাত দিয়ে বসে আছে। কারণ সেই ফ্ল্যাটে তারা বিদ্যুৎ, গ্যাস, পানি, সুয়ারেজের লাইন দিতে পারে নাই। ফলে ফ্ল্যাটগুলো বিক্রি করতে পারে না। ব্যাংকের সুদ বেড়ে যাওয়ায় তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। কোনো সেক্টরকেই আওয়ামী ভালো রাখেনি বলে মন্তব্য করেন বিএনপির এই নেত্রী।
ব্যাংক কেলেংকারির ফিরিস্তি তুলে ধরে বলেন, হল–মার্ক ৩ হাজার ৫০০ কোটি টাকা এবং বিসমিল্লাহ গ্রুপ কোটি কোটি টাকা কেলেংকারি করলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ দেশের শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও প্রতিকারে সরকার কোনো উদ্যোগ নেয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ‘মিথ্যাবাদী’ আখ্যা দেন এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে দেশের যুব সমাজের সঙ্গে তিনি (প্রধানমন্ত্রী) প্রতারণা করেছেন বলে মন্তব্য করেন।
সম্প্রচার নীতিমালা করে গণমাধ্যমের ওপর এবং আইন করে বিচারকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। বিচারকেরা সরকারের হয়ে কাজ করছে বলেও অভিযোগ তাঁর। বিচারকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা অন্যায় করলে এর বিচার আল্লাহ করবেন।’
ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ—তিন লীগ অত্যন্ত ক্ষমতাধর। তাদের এত ক্ষমতা তারা পুলিশকে মানে না। কাউকে ধার ধারে না।
দুদক সম্পর্কে তিনি বলেন, ‘মন্ত্রীরা–এমপিরা, আওয়ামী লীগের আরও যত আছে তাদের দায়মুক্ত করে দিচ্ছে দুদক। দুদককে দুর্নীতি দমন কমিশন বলা হয়, কিন্তু দুর্নীতি দমন কমিশন নয় ওইটা দুর্নীতি কমিশন। ওখানে যত দুর্নীতির আখড়া। ওখানে সব দুর্নীতি হয়। এরা আবার দায়মুক্তির কথা বলে। এদের কোনো অধিকার নেই দায়মুক্তি দেওয়ার। কিন্তু তারা এটা করছে।
৫৮ মিনিটের বক্তব্যের শেষের দিকে তিনি নেতা-কর্মীদের আগের মতোই আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
খালেদা জিয়া বেলা পৌনে তিনটার দিকে কিশোরগঞ্জের সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে তিনি বিশ্রাম নেন ও দুপুরের খাবার খান। এরপর বিকেল পৌনে চারটায় মঞ্চে আসেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল আলম সমাবেশে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এম ওসমান ফারুক, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান, ইসলামী ঐক্যজোটের আমির মওলানা ইসহাক প্রমুখ।