‘র্যাব ও পুলিশ এখন মানুষ খুন করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে’ বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি র্যাব-পুলিশকে অস্ত্র ও প্রশিক্ষণ না দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারা জাতিসংঘ শান্তি মিশনে গেলে বাংলাদেশের সুনাম নষ্ট হবে। তাদের অস্ত্র-গোলাবারুদ দিলে তা বিরোধী দলের নেতা-কর্মী ও নিরীহ মানুষের ওপর ছুড়বে।’
গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জ জেলা সদরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এক জনসভায় খালেদা জিয়া এ আহ্বান জানান। নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন, ‘গুম-খুন, গুপ্তহত্যা, দুর্নীতিসহ সরকারের অপশাসনের’ প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এ জনসভার আয়োজন করে।
জোটের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে খালেদা জিয়া বলেন, ‘যেকোনো সময় র্যাব আপনাকে গুম করতে পারে। র্যাব বাড়ি বাড়ি গিয়ে ইয়াং ইয়াং ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে। নেওয়ার সময় বলে ফিরিয়ে দিয়ে যাবে। এরপর আর তাদের খোঁজ পাওয়া যায় না। গত পাঁচ বছরে শুধু আমাদের দলের ৩১০ জনকে খুন করেছে, গুম করেছে ৫৬ জনকে। সিলেটে ইলিয়াস আলী ও লাকসামের হিরুর কথা হাসিনাকে পর্যন্ত জানানো হয়েছে। এখন পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।’
খালেদা জিয়া র্যাব বিলুপ্তির দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি পুলিশের সমালোচনা করে বলেন, পুলিশ জনগণের সেবক না হয়ে মানুষ হত্যায় লিপ্ত হয়েছে। টাকা না দিলে নিরীহ মানুষদের গায়ে, পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। ডিবি ‘কন্ট্রাক্ট কিলিং’ করছে।
খালেদা জিয়া র্যাবের পাশাপাশি পুলিশকেও অস্ত্র-গোলাবারুদ সরবরাহ না করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এই পুলিশের কাছেও আপনারা অস্ত্র বিক্রি করবেন না। গোলাবারুদ দেবেন না। এগুলো নিরীহ মানুষের ওর চালায়।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘দেশের অবস্থা ভালো নয়। তিন বাহিনীর কাছে বাংলাদেশ এখন জিম্মি। এই তিন বাহিনী হলো ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এই তিন লীগ নেতা-পুলিশ কাউকে মানে না। তারা অত্যন্ত ক্ষমতাধর।’
জোটের জনসভায় যোগ দিতে গতকাল সকালে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন। তাঁর যাত্রাপথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ জনসভাস্থল পর্যন্ত ৫৬ কিলোমিটার পথে নির্মাণ করা হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ জেলা নেতাদের প্রতিকৃতিসংবলিত অসংখ্য তোরণ। বিএনপির নেতাদের দাবি, ৭০০ তোরণ নির্মাণ করা হয়েছে।
খালেদা জিয়া বেলা তিনটায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে পৌঁছান। এ সময় একটি হাতির পিঠে চড়ে রাজকীয় পোশাক পরা একজন কাঠের তলোয়ার তুলে তাঁকে সালাম জানান। আর মৈমনসিংহ গীতিকার মহুয়া, মলুয়া ও সখিনার বেশে তিন তরুণী খালেদা জিয়ার হাতে তুলে দেন শুভেচ্ছার ফুল।
জনসভায় অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, ছাত্রদল, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আসতে শুরু করেন। বিকেল নাগাদ গুরুদয়াল কলেজ মাঠ ভরে আশপাশের এলাকা কলেজ রোড, আখড়া বাজার, গৌরাঙ্গবাজার, স্টেশন রোড, কালীবাড়ী ও বটতলা এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। এর মধ্যে জামায়াত-শিবিরের কর্মীরা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, কামারুজ্জামানসহ যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত দলীয় নেতাদের ছবিসহ ব্যানার-ফেস্টুন বহন করেন। এসব নেতার মুক্তির দাবিতে তাঁরা স্লোগান দেন।
বেলা দুইটায় জনসভা শুরু হয়। খালেদা জিয়া সভামঞ্চে আসেন বিকেল পৌনে চারটায়। চারটা ২০ মিনিটে বক্তৃতা শুরু করেন। প্রায় এক ঘণ্টার বক্তৃতায় তিনি বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, শেয়ারবাজার, ব্যাংকিং খাতে দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবনতি, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দুদককেও বিদায় করতে হবে। আওয়ামী লীগের নেতাদের একেক জনের সম্পদ কয়েক শ গুণ বেড়েছে। কিন্তু তাঁরা দুর্নীতি করেও দায়মুক্ত হন। দুর্নীতি দমন কমিশন এখন দায়মুক্তি কমিশনে পরিণত হয়েছে।
বিএনপির চেয়ারপারসন বলেন, বিচার বিভাগ এখন স্বাধীন নয়। সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, ‘বিচারকদের কাছে জানতে চাই, ফখরুদ্দীন-মইনুদ্দীনের সময় হাসিনার নামে ১৫টি, আমার নামে পাঁচটি মামলা হয়েছে। হাসিনা ক্ষমতায় এসে তার সমস্ত মামলা প্রত্যাহার করে এবং আওয়ামী লীগ নেতাদের আট হাজার মামলা প্রত্যাহার করে। হাসিনারটা হলে, আমাদেরটা প্রত্যাহার হবে না কেন? আমাদেরটাও করতে হবে।’ তিনি আল্লাহর কাছে জবাবদিহির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যত বড় বিচারপতিই হোন না কেন, একদিন আপনাদেরও বিচার হবে।’
বিএনপির চেয়ারপারসন বক্তব্যের শেষ পর্যায়ে এসে সময়মতো আন্দোলনের ডাক দেওয়ার কথা বলেন এবং তাতে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানান। তিনি কিশোরগঞ্জে বাংলার বীর ঈশা খাঁর জন্ম নেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘যদি বেশি অত্যাচার হয়, তাহলে ঈশা খাঁর ঢাল-তলোয়ার তো আছে।’
জনসভার সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ঈশা খাঁর দেশে এসেছেন। আপনি আন্দোলনের ডাক দিলে কিশোরগঞ্জের মানুষ ঈশা খাঁর মতো শৌর্যে-বীর্যে অংশ নেবে।’
জনসভায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত তাঁর দলের নেতাদের মুক্তি দাবি করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান।
কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির সভাপতি অলি আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, খেলাফতে মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।