বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ড নিয়ে র্যাব ও পুলিশের বিতর্কে ফাঁস হয়ে গেছে যে এটা একটা ষড়যন্ত্র।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, র্যাবের ডিজি বলেছেন, তাবেলা হত্যার সঙ্গে নব্য জেএমবি জড়িত। তারপর সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেছেন, এটার সঙ্গে বিএনপির কাইয়ূম ও তাঁর ভাইয়েরা জড়িত। এই বিতর্কে প্রমাণ হলো তাবেলা হত্যায় বিএনপির নেতা কাইয়ূম ও মতিনকে জড়িত করাটা একটা ষড়যন্ত্র। সরকার যেভাবে বলেছে, পুলিশ সেভাবে অভিযোগপত্র সাজিয়েছে।
রিজভী দাবি করেন, আজকে গণতন্ত্র হত্যা, মানুষের অধিকার হত্যা, গণতন্ত্রের ন্যূনতম অবদানকে দলিত-মথিত করা—এর থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে রাখতে জঙ্গিবাদের সৃষ্টি করা হয়েছে; যাতে মানুষ সরকারের অপকর্মের দিকে চাইবে না।
রিজভী দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দেওয়ার অভিযোগ করে এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন। তিনি বলেন, ‘কাজী রকিবউদ্দীনের নির্বাচন কমিশন এত ন্যক্কারজনক দালালি করছে, বিশ্বের অন্য কোনো দেশে যার দৃষ্টান্ত নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও সংসদ এই সরকারের সিলমোহরের কাজ করছে।’
ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান। আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব, বিএনপির নেতা খালেদা ইয়াসমীন ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।