লংগদুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান
রাঙামাটিতে গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান

রাঙামাটির লংগদু উপজেলার চারটি গ্রামে পাহাড়িদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে বিএনপি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেছেন দলের নেতারা। গতকাল শুক্রবার রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
গতকাল বেলা ১১টায় রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘আজ (গতকাল) লংগদুর ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসন বলছে, সেখানে আমরা যাওয়ার পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সে দায় সম্পূর্ণ আমাদের বহন করতে হবে।’
ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির লংগদু উপজেলা সদরের চারটি গ্রামে পাহাড়িদের দুই শতাধিক বাড়ি চলতি মাসের ২ জুন সকালে পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বাত্যাপাড়া ও বড়াদম।
গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদার।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, লংগদুতে আগুন দিয়ে শত শত পাহাড়ির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। যা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্ষতিগ্রস্ত পাহাড়িরা যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সে জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।