লক্ষ্মীপুরে আজ জেলা ছাত্রলীগের সম্মেলন
লক্ষ্মীপুরে আজ বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সম্মেলন। সন্মেলনকে ঘিরে পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৮ এপ্রিল বর্তমান কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থীরা হচ্ছেন চৌধুরী মাহমুদুননবী, মো. রাকিব হোসেন, মির্জা আমজাদ হোসেন, মোফাজ্জেল হোসেন, ইকবাল হোসেন, সমীর হোসেন ও শেখ ফরিদ। সাধারণ সম্পাদক পদে লড়ছেন আশরাফুল আলম, বিজয় চক্রবর্তী, শাহাদাত হোসেন ও ইসমাঈল হোসেন।
ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন না হওয়ায় প্রার্থীরা এখন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হচ্ছেন অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির একজন জানান, গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি হওয়ার কথা থাকলেও লক্ষ্মীপুরে তা হচ্ছে না।
অপরদিকে একাধিক ব্যবসায়ী জানান, ছাত্ররাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। যে দলই ক্ষমতায় আসে তাদের অঙ্গসংগঠনের নেতারা টেন্ডার, কাবিখা ও টিআর নিয়ে ব্যস্ত থাকে।
ছাত্রলীগের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহাজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতী) আসনের সাংসদ আবদুল্লা আল মামুন।
সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউর জামান সোহাগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম ছিদ্দিকি প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, প্রায় ১০ হাজার ছাত্রলীগের নেতা-কর্মী এ সম্মেলনে উপস্থিত হবেন।