জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে গতকাল সোমবার লক্ষ্মীপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেন পদবঞ্চিতরা।
হরতালের সমর্থনে দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়।
লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের মাদাম এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন হরতাল-সমর্থকেরা। পরে পুলিশ অবরোধ তুলে দেয়।
আশরাফুল আলম ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বলেন, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক লক্ষ্মীপুরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী নন। তাঁরা ঢাকায় লেখাপড়া করেন। শিগগিরই ঘোষিত কমিটি বাতিল করে ছাত্রলীগের তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করার আহ্বান জানান তিনি। তা না হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রলীগের এই নেতা। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলমকে নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতির পদ দেওয়া হয়েছে। কিন্তু তাঁকে কাঙ্ক্ষিত সাধারণ সম্পাদক পদ না দেওয়ায় তিনি নতুন পদ প্রত্যাখ্যান করেন।
গত শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি চৌধুরী মাহামুদুননবী সোহেলকে সভাপতি ও রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের জেলা কমিটি ঘোষণা করে। এ নতুন কমিটিকে ‘ছাত্রদল-শিবির’ আখ্যা দিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। এদিকে নবগঠিত কমিটির সভাপতি চৌধুরী মাহমুদুননবীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মোটরসাইকেল নিয়ে শহরে আনন্দ মিছিল বের করেন।
চৌধুরী মাহমুদুননবী বলেন, ছাত্রলীগ একটি বড় সংগঠন। এখানে সবাইকে খুশি করা সম্ভব হয় না। তাই নেতাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে। পরে সব ঠিক হয়ে যাবে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, ছাত্রলীগের দুই পক্ষ শহরে মিছিল করেছে। এখন শহরে কোনো সমস্যা নেই।