লক্ষ্মীপুরে পাঁচ ইউপিতে বিএনপির ভোট বর্জন
জাল ভোট প্রদান, বহিরাগতদের কেন্দ্র দখল ও সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল শনিবার লক্ষ্মীপুরের ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। জাল ভোট দেওয়ার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। অনিয়মের অভিযোগ এনে বিএনপির পাঁচজন চেয়ারম্যান প্রার্থী ভোট শুরু হওয়ার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বিভিন্ন অনিয়মের অভিযোগে দিঘলী ইউনিয়নের দিঘলী উচ্চবিদ্যালয়, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়; হাজিরপাড়া ইউনিয়নের ইউসুফপুর, হাজিরপাড়া ও অজিফা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
অপরদিকে কেন্দ্র দখল, জাল ভোট, এজেন্টদের মারধর করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দত্তপাড়া, হাজিরপাড়া, চরশাহী, কুশাখালী ও ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির প্রার্থীরা সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। অনিয়মের অভিযোগে পাঁচটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।