লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রীয় ৪ নেতাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় চার নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনের বাসভবনের সামনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

বিএনপির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদক সাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-আইনবিষয়ক সম্পাদক জাকির হোসেন ও নির্বাহী কমিটির সদস্য তৌহিদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ছায়েদুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, গতকাল সকাল ১০টার দিকে সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে শহরের উত্তর তেমুহনী এলাকায় ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান করলে উত্তেজনা দেখা দেয়। এ জন্য জেলা বিএনপি অনুষ্ঠানটি দুপুরের দিকে শুরু করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

 এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের উত্তর তেমুহনী এলাকায় ছাত্রলীগের একটি সভা ছিল। একই সময়ে বিএনপিরও একটি সভা হওয়ায় আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক ছিল।