লক্ষ্মীপুরে বিএনপির চার নেতাকে দল থেকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুর জেলা বিএনপির সহসভাপতিসহ চারজনকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন জেলা বিএনপির সহসভাপতি মনির আহমদ, রামগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আবদুর রহিম ও সাংগঠনিক সম্পাদক ইছমাইল হোসেন বেঙ্গল এবং রামগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি শফি আহমেদ।
গত সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় বিএনপির গঠনতন্ত্রের (৫)-এর গ ধারা মোতাবেক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাঁদের সাময়িকভাবে অব্যাহিত প্রদান করা হয়েছে।’
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।