লক্ষ্মীপুরে যুবদলের মিছিলে পুলিশের গুলি, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে গত বৃহস্পতিবার বিকেলে মিছিলে পুলিশ গুলি ছুড়লে যুবদল ও ছাত্রদলের আট নেতা-কর্মী আহত হন বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, তারা ফাঁকা গুলি ছুড়েছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় গতকাল শুক্রবার ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের সভাপতি এ কে এম ফরিদ উদ্দিন এবং বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তি ও তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার দালাল বাজারে ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রতিবাদ সভা ও সমাবেশ ডাকা হয়। সভাস্থলে আসার উদ্দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গোপীনাথপুর গ্রাম থেকে সাড়ে তিনটার দিকে একটি মিছিল বের করেন। মিছিলটি খোয়াসাগর এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে।
সদর উপজেলা যুবদলের সভাপতি রাশেদুল হাসান ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিবাদ সভায় আসার পথে পুলিশ বিনা উসকানিতে মিছিলে হামলা ও গুলি চালায়। এতে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদ মোল্লা, কর্মী ফয়সাল, আরমান হোসেন, মনির হোসেন, যুবদলকর্মী মো. রিপনসহ আটজন আহত হন। পরে তাঁদের একটি ব্যক্তিমালিকানাধীন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।