রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১ জানুয়ারি বড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এ লক্ষ্যে দলটি ঢাকার বাইরে থেকে লোক আনাসহ বিপুল ব্যয়ে বিশাল আয়োজনে নেমেছে।
জাপার নেতারা বলছেন, এই সময়ে বড় আকারে এ সমাবেশের আয়োজন কার্যত দুটি উদ্দেশ্যে। প্রথমত, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে দলীয় শক্তি প্রদর্শন করা। আর নেপথ্য লক্ষ্য হচ্ছে পরবর্তী নির্বাচনের প্রার্থী মনোনয়নের দর-কষাকষিতে ভালো অবস্থানে থাকা। ১ জানুয়ারি রোববার দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীকে উপলক্ষ করে এই সমাবেশের আয়োজন চলছে।
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ দীর্ঘদিন ধরে বলে আসছেন, আগামী নির্বাচনে তাঁর দল এককভাবে লড়বে। তাঁদের লক্ষ্য সংসদে ১৫০ আসন।
ঘটা করে সমাবেশ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, আগামী নির্বাচন সামনে রেখে এই মহাসমাবেশের আয়োজন। এর লক্ষ্য দলকে সংগঠিত করা এবং নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে দুই লাখ লোক উপস্থিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য সব জেলা ও মহানগর কমিটিকে নির্দিষ্টসংখ্যক লোক আনার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি ১০ লাখ প্রচারপত্র ও ৩ লাখ রঙিন পোস্টার ছাপিয়েছে। এসব পোস্টার ও প্রচারপত্র ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েক হাজার বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনও করা হয়েছে।
জাপার দায়িত্বশীল সূত্রগুলো জানায়, এই সমাবেশের ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা। কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছ থেকে এক কোটি টাকার চাঁদা নেওয়া হচ্ছে। বাকি টাকার জোগান কীভাবে হচ্ছে, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে দলীয় সূত্রের দাবি, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ও দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক। দলের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জাপার কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্রে জানা গেছে, সমাবেশের তহবিল গঠনে দলের ৪৪ জন সাংসদের কাছ থেকে এক লাখ টাকা করে চাঁদা ধরা হয়েছে। এতে ৪৪ লাখ টাকা হবে। এ ছাড়া সভাপতিমণ্ডলীর ৪২ জন সদস্য ৫০ হাজার করে, ১৯ জন উপদেষ্টা ৩০ হাজার করে, ৪২ জন ভাইস চেয়ারম্যানের প্রত্যেকে ৩০ হাজার করে, ১৬ যুগ্ম মহাসচিব ২০ হাজার করে, ৩১ জন সাংগঠনিক সম্পাদক ১০ হাজার করে, ৩১ জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক ৫ হাজার করে, ২৩ জন সম্পাদক ৫ হাজার করে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৩০০ সদস্যের প্রত্যেকের কাছে ২ হাজার টাকা চাঁদা ধার্য করা হয়েছে।
সমাবেশের সঙ্গে সংশ্লিষ্ট জাপার একজন নেতা বলেন, ঢাকার বাইরে থেকে লোক আনার জন্য প্রায় দুই হাজার পরিবহন ভাড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া নদীপথের জন্য বড় ও মাঝারি আকারের অন্তত ২০টি লঞ্চ ভাড়া করা হয়েছে। নদীপথে বরিশাল অঞ্চল থেকে উল্লেখযোগ্যসংখ্যক লোক আসবে। পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট একজন নেতা জানিয়েছেন, সমাবেশে কেবল পরিবহনের ভাড়া বাবদ দেড় থেকে দুই কোটি টাকা খরচ হবে।
অবশ্য জাপার মহাসচিব দলীয় সাংসদ ও নেতা-কর্মীদের চাঁদায় সমাবেশের ব্যয় নির্বাহ করা হচ্ছে দাবি করে বলেন, ‘নেতা-কর্মীরা নিজের খরচে ঢাকায় আসবে। আমরা একটা স্টেজ (মঞ্চ) করে দেব, এই আরকি। তারা কত টাকা খরচ করে, তা মিটিং করার পর জানতে পারব।’
এ বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে রাজনীতিতে স্থবিরতা চলছে। মনে হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নেই। বিএনপিরও দুরবস্থা। এই পরিস্থিতিতে জাতীয় পার্টির সত্যিকারের অবস্থানটা কী, তা সবাই দেখতে চাইছে, আমরাও।’