লঞ্চ দুর্ঘটনা সরকারের কথিত উন্নয়নের চিত্র: মান্না
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, উন্নয়নের রোল মডেল সরকার একজন দক্ষ লঞ্চচালক তৈরি করতে পারে না। এটাই হচ্ছে এই অবৈধ স্বৈরাচারী সরকারের কথিত উন্নয়নের চিত্র।
মান্না বলেন, ‘দুর্নীতিবাজ, ফ্যাসিবাদী শাসনের আগুনে পুড়ে অঙ্গার হওয়া এক দেশে আমরা বসবাস করছি। ভয়াবহ দুর্ঘটনায় নৌপরিবহন–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাব আরও একবার সামনে এল।’
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মান্না এসব কথা বলেন।
নৌ দুর্ঘটনায় তদন্ত প্রসঙ্গে এই রাজনীতিবিদ বলেন, তদন্ত হবে, রিপোর্ট দেবে। কিন্তু পরিস্থিতি বদলাবে না। বিচারও হবে না। দু-একজনকে হয়তো সাময়িক কোনো শাস্তির আওতায় আনা হবে। এর আগে যত নৌ দুর্ঘটনা হয়েছে, প্রতিবারই সরকার অনেক আশ্বাস দিলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
এই ভয়াবহ দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষকে দায়ী করেন মান্না। তিনি বলেন, বিভাগীয় কমিশনার বলেছেন, চালক অদক্ষ ছিলেন। তাহলে চার শতাধিক যাত্রী নিয়ে চলাচলকারী লঞ্চ চালানোর দায়িত্ব একজন অদক্ষ চালককে কেন দেওয়া হবে?
বিশেষজ্ঞদের দিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে কার গাফিলতিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা বের করার দাবি জানান মান্না। তিনি এ ঘটনায় জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনার পাশাপাশি হতাহত ব্যক্তিদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানান।