সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ এম গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া একাই সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন। কিন্তু তাঁর পেছনে কোনো নেতা-কর্মী এখন আর নেই। কেউ তাঁর ডাকে আর সাড়া দিচ্ছে না, আর দেবেও না। তিনি আরও বলেন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার অনেক আগেই মরে গেছে। তাদের কবর হয়ে গেছে। এ কথা বলে আর কোনো লাভ হবে না।
এর আগে সকালে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, সদস্য এস এম কামাল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের নাজমুল হক প্রধান, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সম্মতিতে সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়।
এর আগে সম্মেলনকে কেন্দ্র করে সার্কিট হাউস, দলীয় কার্যালয়, বিভিন্ন বেসরকারি ভবন, এস এস রোড ও মুজিব সড়ক আলোকসজ্জায় সজ্জিত করা হয়। ঢাকা-বগুড়া মহাসড়কের কড্ডার মোড় থেকে শুরু করে সিরাজগঞ্জ শহরের ভেতরে মোট ৫৫টি তোরণ নির্মাণ করা হয়। এদিকে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণের পর থেকে নতুন কমিটিতে স্থান করে নিতে প্রার্থীরা বিভিন্ন উপজেলায় কাউন্সিলরদের কাছে গিয়ে প্রচার-প্রচারণা চালান ও পোস্টারিং করেন।
দলীয় সূত্র জানায়, ২০০৫ সালের ২৭ মে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক সাংসদ মরহুম আবদুল লতিফ মির্জা সভাপতি এবং কে এম হোসেন আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৭ সালের ৫ নভেম্বর আবদুল লতিফ মির্জা মৃত্যুবরণ করায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। পরে গত বছর দুবার (৩ ডিসেম্বর ও ২২ ডিসেম্বর) সম্মেলনের দিন-তারিখ নির্ধারণ করা হলেও নানা কারণে সেই সময়ে তা হয়নি।