লতিফ সিদ্দিকী অবাঞ্ছিত নাগরিক নন: সুরঞ্জিত
মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বাদ পড়া লতিফ সিদ্দিকী অবাঞ্ছিত নাগরিক নন বলে মন্তব্য করেছেন একই দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘ইমাম (এইচ টি ইমাম) সাহেব লন্ডন গেছেন, লতিফ সাহেব দেশে আসছেন। কেউ আসে, কেউ যায়।’
আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত এই মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘উনাকে (লতিফ সিদ্দিকী) অবাঞ্ছিত নাগরিক ঘোষণা করা হয়নি। অভিযোগ মাথায় নিয়ে পাসপোর্ট, ভিসা থাকলে দেশে আসতেই পারেন। আইনের শাসন পাবার অধিকার সবারই আছে।’
সংসদের আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, ‘সরকারের বিচার সরকার করেছে। দলের বিচার দল করেছে। এখন আদালত কী করে, সেটা দেখতে হবে। নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার এ ব্যাপারে কিছু করবে না। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ডিকটেশন (নির্দেশ) দেওয়া যাবে না।’
সুরঞ্জিত বলেন, ‘আমাদের একজন অভিজ্ঞ প্রধানমন্ত্রী আছেন। তাঁর ধৈর্য ও ত্যাগ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। লতিফ সিদ্দিকীর বিষয়ে তাই এখনই অধীর ও অধৈর্য হওয়ার কিছু নাই। আইন আইনের গতিতে চলবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’ তিনি বলেন, কেউ ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। এটা করে লাভ হবে না। আইন থেকে কেউ রেহায় পাবে না।
ছাত্রলীগের কমিটি বাণিজ্য নিয়ে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিহত সুমনের পরিবারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তাঁরা আজন্ম আওয়ামী লীগ পরিবার। তার পরও ছাত্রলীগের কেন্দ্র থেকে কীভাবে বলা হলো, তিনি ছাত্রলীগের কেউ নন? এ নিয়ে সিলেটবাসীর সঙ্গে আমারও কষ্ট। প্রধানমন্ত্রীকে বলব, সিলেটে লন্ডন-ফন্ডনের ব্যাপার আছে। আপনি ছাত্রলীগের কমিটি বাণিজ্য নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। এরপর বুঝতে পারবেন তাদের আসল ঘটনা।’
নৌকা সমর্থক গোষ্ঠী নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জাকির আহমাদ। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।