লতিফ সিদ্দিকী ও এইচ টি ইমাম 'হাঁড়ির খবর' ফাঁস করেছেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির জন্য নয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে গোপন তথ্য ফাঁস করার কারণেই আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার এ মন্তব্য করেছেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মোৎসব উপলক্ষে বগুড়ায় ১০ দিনব্যাপী আয়োজনের শেষ দিন গতকাল একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীপুত্র জয় সরকারের কাছ থেকে প্রতি মাসে দুই লাখ ডলার বেতন নিতেন। সেই তথ্য ফাঁস করে দিয়েছেন লতিফ সিদ্দিকী। যদি মিথ্যাই হতো, তবে সরকারকে প্রজ্ঞাপন জারি করে সেই তথ্য অস্বীকার করতে হতো না। তিনি আরও বলেন, ‘অজান্তেই সরকারের গোমর ফাঁস করে দিয়েছেন এইচ টি ইমাম। তিনি বলেছেন, “ছাত্রলীগ নেতা-কর্মীদের বিসিএস লিখিত পরীক্ষায় কোনো রকমে পাস করলেই চলবে। বাদবাকি সরকার দেখবে।” এইচ টি ইমাম সরকারের হাঁড়ির খবর ফাঁস করে দিয়েছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘এইচ টি ইমামের সেই বক্তব্যকে ধামাচাপা দিতে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মিথ্যাচার করছেন। বলছেন, ইমাম এমন কথা বলেননি। অথচ প্রথম আলোর অনলাইনে এইচ টি ইমামের বক্তব্যের অডিও বক্তব্য সবাই দেখেছেন। কোনটা সত্যি কোনটা মিথ্যা, জনগণ সবই জানে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহসভাপতি ফজলুল বারী তালুকদার প্রমুখ বক্তব্য দেন।