
পবিত্র হজ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে আবদুল লতিফ সিদ্দিকীকে কাল বুধবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট, হেফাজতে ইসলাম ও সম্মিলিত ইসলামী দলসমূহ। ঢাকা ও চট্টগ্রামে পৃথক সমাবেশ ও সংবাদ সম্মেলন করে সংগঠন তিনটি এ কর্মসূচি ঘোষণা করে।
ছোট কয়েকটি দলের মোর্চা এনডিএফ আজ মঙ্গলবার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।
গতকাল সোমবার দুপুরে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সভাপতিত্বে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন। বিকেলে আহমদ শফীর প্রেস সচিব মনির আহমেদ প্রথম আলোকে বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বুধবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। আজ মঙ্গলবার তাঁরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন।
একই দাবিতে বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে হেফাজতের ঢাকা মহানগর কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মূলত জমিয়তে উলামায়ে ইসলামের নেতা-কর্মীরা এতে অংশ নেন। এতে জমিয়তের কেন্দ্রীয় নায়েবে আমির ও হেফাজতের মহানগর আহ্বায়ক নূর হোসাইন কাশেমী, যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময়ে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ইসলামী আন্দোলন। মিছিলটি পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে বায়তুল মোকাররমে এসে শেষ হয়। সেখানে দলের ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েতউদ্দিন বক্তব্য দেন। পরে দলের আমিরের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন্দ ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ এবং সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন।
বিক্ষোভ ও মিছিলে পুলিশ বাধা দেয়নি। মিছিলের সামনে ও পেছনে পুলিশের উপস্থিতি ছিল।
ইসলামী ঐক্যজোট বেলা দুইটায় পুরান ঢাকার লালবাগে বিক্ষোভের পর সমাবেশে আগামী বৃহস্পতিবার সারা দেশে হরতালের কর্মসূচি ঘোষণা করে। আজ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করবে তারা। দলের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী এ কর্মসূচির ঘোষণা দেন।
সম্মিলিত ইসলামী দলসমূহ বেলা আড়াইটায় লালবাগ কেল্লার মোড়ে সংবাদ সম্মেলনে লতিফ সিদ্দিকীকে বুধবারের মধ্যে গ্রেপ্তারের দাবি জানায়। অন্যথায় বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব জাফরুল্লাহ খান। এর আগে লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানিয়ে এই জোট গত ২৬ অক্টোবর হরতাল পালন করে। ওই সময় জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো দল হরতালে সমর্থন দেয়নি। গতকাল এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
ছোট ছোট কয়েকটি দল নিয়ে গঠিত নতুন রাজনৈতিক মোর্চা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার সারা দেশে হরতাল আহ্বান করেছে। এনডিএফের চেয়ারম্যান শেখ শওকত হোসেন গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন।
এ ছাড়া ইসলামী ছাত্রসেনা দুপুর ১২টায় এবং বাংলাদেশ খেলাফত মজলিস বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আহলে সুন্নাত ওয়াল জমা’আত চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে লতিফ সিদ্দিকীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। নইলে কাল বুধবার ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ করা হবে বলে জানান সংগঠনের সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার।