লতিফ সিদ্দিকীকে অব্যাহতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ নিয়ে বিরূপ বক্তব্য দেওয়ার কারণে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী অব্যাহতি দিয়েছেন বলে সাংবাদিকদের বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, লতিফ সিদ্দিকীর অব্যাহতি ইতিমধ্যে কার্যকর হয়েছে। এ কারণে মেক্সিকোতে তথ্যপ্রযুক্তিবিষয়ক পুরস্কার লতিফ সিদ্দিকীর পরিবর্তে গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
লতিফ সিদ্দিকীর অব্যাহতির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছ থেকে জেনেছেন কি না, এমন প্রশ্নের জবাবে হানিফ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়নি। তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে লতিফ সিদ্দিকীর অব্যাহতির সিদ্ধান্ত চূড়ান্ত।
তবে এ নিয়ে গতকাল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা গতকাল পর্যন্ত লতিফ সিদ্দিকীর অব্যাহতির বিষয়ে কোনো নির্দেশনা পাননি।
এদিকে লতিফ সিদ্দিকী কবে দেশে ফিরবেন, তা-ও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তাঁর মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় তাঁদের কাছে বলে গেছেন ঈদের পরে ফিরবেন। কিন্তু সুনির্দিষ্ট তারিখ বলেননি। তাঁর সঙ্গে স্ত্রী ও এক মেয়ে গেছেন।
ওই কর্মকর্তা বলেন, জাতিসংঘ ও মেক্সিকোর অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের ডালাসে লতিফ সিদ্দিকীর শ্বশুরপক্ষীয় আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যাওয়ার কথা। সেখান থেকে পরে তাঁর কানাডা-প্রবাসী মেয়ের কাছে যাবেন। তারপর তাঁর দেশে ফেরার কথা।
তবে আওয়ামী লীগের একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে লতিফ সিদ্দিকীকে এখনই দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
লতিফ সিদ্দিকী বর্তমানে মেক্সিকোতে আছেন। সেখানকার গুয়াদালাহারা শহরে তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশ্ব সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ করার কথা ছিল তাঁর। কিন্তু অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই তাঁকে সেখানে না যাওয়ার জন্য বলা হয় বলে সরকারি একটি সূত্র জানায়। গতকাল বাংলাদেশ সময় ভোরের দিকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পুরস্কার গ্রহণ করেন।
আট মামলা ও এক রিট: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মের অবমাননার অভিযোগে গতকাল ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আটটি মামলা হয়েছে।
এর মধ্যে ঢাকায় করা দুটি মামলায় ২৮ ও ৩০ অক্টোবর লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন মুখ্য মহানগর হাকিম আদালত। মামলা দুটির বাদী হলেন আইনজীবী এ এন এম আবেদ রাজা ও ব্যবসায়ী মোহাম্মদ বাদল।
চট্টগ্রামের আদালতে পৃথক চারটি মামলা করেছেন আইনজীবী ইফতেখার হোসেন চৌধুরী, আবদুস সাত্তার ও কাউসার পারভীন এবং আবদুল কাইয়ুম। আদালত অভিযোগ আমলে নিয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করে ২৩ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা করেন আইনজীবী মাসুদুর রহমান খান। শুনানি শেষে আদালত মামলার এ বিষয়ে তদন্ত করে আগামী ২০ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিল করতে সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আর বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন আইনজীবী সাইফুল ফুয়াদ।
এ ছাড়া লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী ইউনূছ আলী আকন্দ। রিটে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নেরও নির্দেশনা চাওয়া হয়।
ইউনূছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আরজি জানানো হয়েছে রিটে। লতিফ সিদ্দিকী পবিত্র হজ নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। দায়িত্বশীল পদে থেকে তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন না। রিটের ওপর ১২ অক্টোবর শুনানি হতে পারে।