লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রিসভা নয়, দল থেকেও বহিষ্কারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। লতিফ সিদ্দিকীর নিজ জেলা টাঙ্গাইলে গতকাল মঙ্গলবার বিকেলে শহর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান ও তাঁর ভাইদের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় জড়ানোর ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল গতকাল। কিন্তু নিউইয়র্কে পবিত্র হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হচ্ছে, দুপুরে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে তাঁর প্রতিপক্ষের নেতা-কর্মীরা উল্লাস শুরু করেন। বিকেলে পাঁচটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন শহর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে ফিরে গিয়ে সেখানে সমাবেশ করে। এ সময় তাঁর কুশপুত্তলিকাও দাহ করা হয়।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংসদ আমানুর ও তাঁর ভাইদের ফারুক হত্যা মামলায় জড়ানোর যে ষড়যন্ত্র চলছে, তারও মূল হোতা লতিফ সিদ্দিকী।