লতিফ সিদ্দিকীকে নিয়ে 'নাটক' ও 'প্রহসন' হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীকে নিয়ে ‘নাটক’ ও ‘প্রহসন’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, সরকারের সমর্থনে তিনি দেশে ফিরেছেন।
গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আলাদা অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
সকালে ঢাকা সফররত সুইডেনের উন্নয়নবিষয়ক মন্ত্রী ইসাবেল্লা লোপিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও সরকারের সমর্থনের কারণে আবদুল লতিফ সিদ্দিকী নির্বিঘ্নে বিমানবন্দর থেকে বের হয়ে গেছেন।
গুলশানে সুইডেনের রাষ্ট্রদূতের কার্যালয়ে ইসাবেল্লা লোপিনের সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল পৌনে এক ঘণ্টা বৈঠক করে। পরে ফখরুল সাংবাদিকদের বলেন, দুই পক্ষ একটি বিষয়ে একমত হয়েছেন যে গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই গণতন্ত্র রক্ষা করতে হবে। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ইনাম আহমদ চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদও ছিলেন।
বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘লতিফ সিদ্দিকীর নিউইয়র্কে দেওয়া বক্তব্যে যে জীবন-দর্শন ফুটে উঠেছে, তা আওয়ামী লীগেরই জীবন-দর্শন। ফলে তাঁকে নিয়ে যা হচ্ছে, এটা নাটক, প্রহসন। কারণ, আমরা গণমাধ্যমে দেখলাম তিনি বিমানবন্দরে এসে গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে সযত্নে বের হয়ে গেছেন।’