লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের বিষয়ে ইসিকে চিঠি দেবে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেবে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার কমিশনে এই চিঠি দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় নেতা জানান, চিঠিতে আওয়ামী লীগের পক্ষ থেকে লতিফ সিদ্দিকীকে সংসদ সদস্যপদ থেকে বাদ দেওয়ার অনুরোধ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ) প্রথম আলোকে বলেন, এ-সংক্রান্ত চিঠি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে চিঠিটি দেখানো হবে। তিনি অনুমোদন করলে ওই দিনই চিঠিটি নির্বাচন কমিশনে জমা দেওয়া হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আজ সোমবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাতকে কটাক্ষ করে বক্তব্য দেন। এরপর তিনি মন্ত্রিত্ব ও দলের সভাপতিমণ্ডলীর পদ হারান। সর্বশেষ গত ২৫ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়।
ওই বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকবে কি থাকবে না, তা নিয়ে নানাজন নানা ব্যাখ্যা দিচ্ছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
লতিফ সিদ্দিকী ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।