লতিফ সিদ্দিকীর ফাঁসি চান এরশাদ ও ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ, তাবলিগ জামাত ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকাল বুধবার বিকেলে রাজধানীতে দল দুটির পৃথক সমাবেশে এই দাবি জানানো হয়। কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে লতিফ সিদ্দিকীকে ‘মুরতাদ’ ও ‘কুলাঙ্গার’ বলে মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, ‘দেশে ফিরলে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে। তাঁর শাস্তি চাই, ফাঁসি চাই। তাঁকে শুধু সরকার থেকে নয়, দল ও সংসদ থেকেও বহিষ্কার করতে হবে।’
এরশাদ বলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আর সেই ইসলামের অন্যতম স্তম্ভ হজের বিরুদ্ধে কটূক্তি করে লতিফ সিদ্দিকী সংবিধান লঙ্ঘন করেছেন। এ জন্যও তাঁকে শাস্তি দিতে হবে। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দল নিজেদের ইসলামপন্থী বলে দাবি করে। কিন্তু এ ব্যাপারে তাদের কোনো কর্মসূচি নেই। প্রতিক্রিয়া নেই। জাতীয় পার্টি রাস্তায় নেমেছে।
জাপার ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এ সমাবেশে আরও বক্তৃতা করেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবির পাশাপাশি তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটি কাল শুক্রবার বেলা তিনটায় বায়তুল মোকাররমের উত্তর ফটকে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ সম্পর্কে লতিফ সিদ্দিকী কটূক্তি করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলানো না হলে তৌহিদি জনতা তাঁকে ফাঁসিতে ঝোলাবে। সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীরা প্রেসক্লাব থেকে বায়তুল মোকাররম পর্যন্ত মিছিল করেন।