লতিফ স্বতন্ত্র সাংসদ হিসেবে থাকবেন: সুরঞ্জিত

সাংবিধানিকভাবে আবদুল লতিফ সিদ্দিকীর সাংসদ পদ বাতিল হবে না এবং তিনি এখন স্বতন্ত্র সাংসদ হিসেবে থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় সুরঞ্জিত এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংবিধানের ৬৬ ও ৭০ নম্বর অনুচ্ছেদ তুলে ধরে সুরঞ্জিত বলেন, দলীয়ভাবে তাঁর (লতিফ সিদ্দিকী) সদস্যপদ চলে যাওয়ায় তিনি এখন স্বতন্ত্র সাংসদ হিসেবে থাকবেন। তাঁর আসনটি শূন্য ঘোষণা করতে হলে স্পিকার বা নির্বাচন কমিশনকে আদালতের কাছে মতামত চাইতে হবে।
সুরঞ্জিত বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ ও দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত শেখ হাসিনা যত সহজে নিয়েছেন, বিষয়টি তত সহজ ছিল না। লতিফ সিদ্দিকীকে তাঁর ভুলভ্রান্তি জনগণের কাছে স্বীকার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল স্বীকার করলে কেউ ছোট হয় না।
সুরঞ্জিত বলেন, তিনি যা বললেন, তা শুধু সাংবিধানিক ব্যাখ্যা। এটা কোনো দলীয় কথা নয়।