লতিফকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার 'উদ্ভট দাবি': হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপসারিত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে বিচার করার দাবিকে ‘উদ্ভট দাবি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের তাঁর বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ইন্টারপোলের মাধ্যমে কোনো অপরাধীকে গ্রেপ্তার করে যদি বিচার করতে হয়, তবে তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে এনে বিচার করার দাবি করুন। সেটা না করে লতিফ সিদ্দিকীর বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, সে সুযোগ তারা পাবে না।

দল থেকে লতিফ সিদ্দিকীকে চূড়ান্ত শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করে হানিফ বলেন, তাঁর (লতিফ) বক্তব্যের কারণে যে শাস্তি প্রাপ্য, আওয়ামী লীগের পক্ষ তা থেকে চূড়ান্তভাবে দেওয়া হয়েছে। সরকার মন্ত্রিপরিষদ থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দিয়েছে। দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে, তাঁকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে বিচার করতে হবে, এসব উদ্ভট দাবি করে দেশে অশান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।