লতিফকে কারণ দর্শাতে চিঠি যাচ্ছে আজ
আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, তা জানাতে লতিফ সিদ্দিকীকে আজ মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সই করা এই নোটিশ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তাঁর স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হবে। গতকাল এ-সংক্রান্ত নোটিশ তৈরি করা হয়।
রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোটিশ সম্পর্কে জানানো হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান বলেন, সোমবার রাতেই না হলে মঙ্গলবার নোটিশ পাঠানো হবে। নোটিশে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দলের গঠনতন্ত্রপরিপন্থী কাজের কথা উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত একটি ছোট অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কের জন্ম দেন লতিফ। সেখানে তিনি জয় ছাড়াও হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
তবে তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী না হলেও নিজ উদ্যোগে নিউইয়র্ক গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর একাধিক সফরসঙ্গী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মেক্সিকো যাওয়ার পথে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন অনেকটা নিজের ইচ্ছায়। ২৭ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও বক্তব্য দেন তিনি। সেদিন অবশ্য প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে ইতিবাচক অনেক কথাই বলেছিলেন লতিফ সিদ্দিকী।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দিল্লি থেকে ভিসা না নিয়ে নিউইয়র্কে গিয়ে মেক্সিকোর ভিসা নেওয়া, সফরসঙ্গী না হয়েও নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া এবং জয়ের ব্যাপক প্রশংসা, এক দিনের মাথায় ধর্মীয় উসকানিমূলক বক্তব্য ও জয়ের কড়া সমালোচনা, বিতর্কের মুখে পদত্যাগ না করে প্রায় দুই সপ্তাহ যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সব শেষে কলকাতায় এসে অবস্থান করা এবং অপসারণের সিদ্ধান্ত নেওয়ার পরও হুংকার ও বক্তব্যের পক্ষে সাফাই গাওয়ার ঘটনাগুলো রহস্যজনক।
গত রোববার দলের কার্যনির্বাহী সংসদের সভায় বেশ কয়েকজন নেতা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ সময় বলেন, এসব ঘটনা কারও ক্ষোভ বা পাগলামি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
এদিকে লতিফ সিদ্দিকীর দেশে ফেরা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। তিনি কলকাতায় অবস্থান করলেও কবে, কখন দেশে ফিরছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। গতকাল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি দেশে ফিরতে আগ্রহী। তবে দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সরকারি দলের একজন নেতা জানান, তাঁকে সংকেত দেওয়ার কিছু নেই। এমন বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন এবং এখনো করে যাচ্ছেন, যা তাঁর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করতে পারে।
বিতর্কের মুখে তিনি পদত্যাগ না করায় সংবিধান অনুযায়ী মন্ত্রী হিসেবে তাঁর ‘নিয়োগ অবসান’ ঘটানো হয় গত রোববার। মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় দল থেকেও বাদ পড়েন তিনি।