লতিফকে কারাগারে নিতে সরকার বাধ্য হয়েছে: ফখরুল
জনগণের চাপে লতিফ সিদ্দিকীকে কারাগারে নিতে সরকার বাধ্য হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণসভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন। প্রয়াত অধ্যাপক পিয়াস করিমের স্মরণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ওই সভার আয়োজন করে।
এর আগে দুপুরে অবশ্য মির্জা ফখরুল বলেছিলেন, লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন কি না, তা স্পষ্ট নয়। তাঁকে নিয়ে সরকার নতুন করে পুরোনো ষড়যন্ত্রের জাল বুনছে। মির্জা ফখরুলের এই বক্তব্যের ঘণ্টা দেড়েকের মাথায় লতিফ সিদ্দিকী থানায় আত্মসমর্পণ করেন।
মির্জা ফখরুল বলেন, পিয়াস করিমের মৃত্যুর পর তথাকথিত স্বাধীনতার ধারক–বাহক দাবিদার কিছু মানুষ যেভাবে কথা বলেছেন, দেশের মানুষ একদিন তার সমুচিত জবাব দেবে।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন কঠিন সংকট চলছে। সরকার বিচার বিভাগসহ একে একে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। বিএনপির চেয়ারপারসনের লিভ টু আপিল খারিজ হওয়ায় হতাশা ব্যক্ত করেন তিনি।
জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।