লতিফকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে: ফখরুল
জনরোষ থেকে বাঁচতে আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। গত মঙ্গলবার রাতে ২০-দলীয় জোটের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে জোটের পক্ষ থেকে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, জোটের বৈঠকে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভার পাশাপাশি সাংসদের পদ থেকেও বহিষ্কার করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বৈঠকে বলা হয়, লতিফ সিদ্দিকীর বক্তব্য কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাঁর বক্তব্যে ২০-দলীয় জোট ঘৃণা জানিয়েছে। এই বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, লতিফ সিদ্দিকীর অপসারণের কথা প্রচার করা হচ্ছে। কিন্তু এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। মন্ত্রিপরিষদ সচিবও কিছু জানেন না। এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। জনরোষ থেকে বাঁচার জন্য সরকার ধূম্রজাল সৃষ্টি করছে।
মির্জা ফখরুল জানান, ঈদ ও পূজার কারণে আপাতত কোনো কর্মসূচি দেওয়া হয়নি। তবে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাঁরা কর্মসূচি দিতে বাধ্য হবেন। লতিফ সিদ্দিকীর বিষয়ে অন্যান্য দল-সংগঠনের কর্মসূচিতে ২০-দলের সমর্থন থাকবে। তিনি জানান, জোটের বৈঠকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঈদের পর সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া জামায়াত নেতা আবদুল হালিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ জোটের নেতাদের মুক্তি এবং সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ ছাড়া সরকারের প্রতি সংলাপের আহ্বান জানানো হয়েছে।
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে ফেসবুকে পোস্ট দেওয়ায় একজন যুবককে সাত বছরের জেল দেওয়া হয়েছে। অথচ শ্রেষ্ঠ মানব মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার পর এখনো লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি।