লতিফকে বহিষ্কারে আওয়ামী লীগের নোটিশ

আবদুল লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে সদস্যপদ হারিয়েছেন। এবার তাঁকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কারের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কেন দল থেকে তাঁকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে নোটিশে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর জিগাতলা ডাকঘর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি রেজিস্ট্রি করা ডাকে লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের কালিহাতীর স্থায়ী ঠিকানায় পাঠানো হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে বলেন, ‘তাঁকে (লতিফ সিদ্দিকী) দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন তাঁকে প্রাথমিক সদস্যপদ থেকেও চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে ওই নোটিশ পাঠানো হয়েছে।’ তাঁর তথ্যমতে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ থেকে লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের সিদ্ধান্তও ওই নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সবাইকে যথাসময়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
দলটির দুজন কেন্দ্রীয় নেতার ভাষ্য, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রাথমিক সদস্য থাকবেন কি না, ওই সভায় তা নির্ধারণ করা হবে।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে পবিত্র হজ, মহানবী (স.) ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে তাঁকে মন্ত্রিসভা ও দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
আরও জানতে পড়ুন: