লতিফের জবাব পায়নি আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সদস্যপদ কেন বাতিল করা হবে না—এ ব্যাপারে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব এখনো পায়নি আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস গতকাল মঙ্গলবার রাতে বলেন, ‘এখনো এক দিন সময় আছে। আমরা তাঁর জবাবের অপেক্ষায় আছি। যদি তিনি উত্তর না দেন, তাহলে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
১৪ অক্টোবর লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের কালিহাতীর বাড়ির ঠিকানায় সাত দিনের সময় দিয়ে ডাকযোগে নোটিশটি পাঠায় আওয়ামী লীগ। পরদিন বেলা সাড়ে ১১টায় তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক নোটিশটি গ্রহণ করেন। নোটিশের জবাব দেওয়ার শেষ দিন আজ। দলীয় সূত্র জানায়, লতিফ সিদ্দিকী নোটিশের জবাব না দিলে ২৪ অক্টোবর দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র হজ ও তাবলিগ জামাতকে কটাক্ষ করে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে পরে তাঁকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে দলে তাঁর প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।
লতিফ সিদ্দিকী আর দেশে ফেরেননি। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।