লতিফের বক্তব্য নিয়ে রাজনীতি করলে আ. লীগ বসে থাকবে না: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে যত কম কথা বলায় যায়, ততই মঙ্গল বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। লতিফ সিদ্দিকীর ওই বক্তব্য নিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগ ও মহাজোট বসে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।
নিউইয়র্কে দেওয়া লতিফ সিদ্দিকীর বক্তব্য প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘এটা নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। যাঁর সম্পর্কে এ অভিযোগ, তাঁরও একটা রাইটস অব সেলফ ডিফেন্স রয়েছে। এ ব্যাপারে এখনই কোনো মতামত দিয়ে কাউকে বিব্রত করতে চাই না।’
লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে রাজনীতি করার অবকাশ নেই মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘কোথায় কে কী বলছে তা নিয়ে রাজনীতি করা দুরভিসন্ধিমূলক। এ নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করলে আওয়ামী লীগ ও মহাজোট বসে থাকবে না।’