বিএনপি মনে করে, হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এ বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকী এখনো সরকারের মন্ত্রী। সংসদীয় গণতন্ত্রে তাঁর এই বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে লতিফ সিদ্দিকীর বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ ও শাস্তির বিষয়টি প্রধানমন্ত্রী ‘চতুরতার’ সঙ্গে এড়িয়ে গেছেন। নিউইয়র্ক সফর নিয়েও সরকার মিথ্যাচার করেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
মির্জা ফখরুলের দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে। জনগণ একবাক্যে বলছে, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সাত বছরের জেল হয়, আর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেও কিছু হয় না। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা লতিফ সিদ্দিকীর বক্তব্য ‘ডিফেন্ড’ করছেন। প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেসের’ কথা বলেছেন। তাঁর বক্তব্যে সুস্পষ্ট কার্যকর কোনো ইঙ্গিত খুঁজে পাওয়া যায়নি। লতিফ সিদ্দিকীকে দ্রুত গ্রেপ্তার করে প্রচলিত আইনে বিচার করতে হবে।
সংলাপ প্রশ্নে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যত কথাই বলতে থাকুন না কেন, বিএনপির সঙ্গে আলোচনা বা সংলাপ ছাড়া কোনো বিকল্প পথ নেই। না করলে অতীতে তাদের যেভাবে মূল্য দিতে হয়েছে, অতীতে তারা যেভাবে দেশকে জনগণকে জিম্মি করেছে, ঠিক একইভাবে আবারও দেশে সংঘাত সৃষ্টি হবে। তবে আমরা সংঘাত চাই না।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদ্রূপ করেছেন। তারেক রহমানের মামলার রায় নিয়ে এমন উক্তি করেছেন, যা নিঃসন্দেহে আদালত অবমাননার পর্যায়ে পড়ে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী দাবি করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হয়নি। জাতিসংঘের মহাসচিবের কর্মসূচির তালিকায় দেখা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট ছবি তোলার সুযোগ ছিল। আর ভারত ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৫ মিনিট করে বৈঠক ছিল।