লতিফের সদস্যপদ বাতিলে আইন খুঁজছে সংসদ সচিবালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল করতে আইনের ফাঁক-ফোকর খুঁজছে সংসদ সচিবালয়। এই সাংসদের সদস্যপদ বাতিলের অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ আজ মঙ্গলবার জাতীয় সংসদে চিঠি পাঠাবে। তাঁর সদস্যপদ বাতিলযোগ্য মনে করলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংসদ তা নির্বাচন কমিশনে পাঠাবে। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল সোমবার সকালে এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে গিয়ে কথা বলেছেন। পরে দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘লতিফ সিদ্দিকীর সদস্যপদ বাতিলের বিষয়ে দলের সিদ্ধান্তমতো চিঠি তৈরি করা হয়েছে। সংসদ থেকে গিয়ে আমি তাতে সই করব। কাল (আজ মঙ্গলবার) তা স্পিকারের কাছে পাঠানো হবে। স্পিকার আইন পর্যালোচনা করে লতিফ সিদ্দিকীর সদস্যপদ বাতিলযোগ্য মনে করলে, তিনি তা নির্বাচন কমিশনে পাঠাবেন।’
সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তার মতে, সাংসদ লতিফ সিদ্দিকীর সদস্যপদ বাতিলের বিষয়ে শুনানি করে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনে পাঠালে, তা হবে সংসদীয় রেওয়াজের পরিপন্থী। কারণ, এর আগে এ ধরনের একাধিক ঘটনা ঘটলেও সংসদ তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠায়নি।
উদাহরণ হিসেবে ওই কর্মকর্তারা বলেন, ২০০৫ সালে অষ্টম সংসদে রাজশাহী-৩ আসনের তৎকালীন সরকারদলীয় (বিএনপি) সাংসদ আবু হেনা দলের কয়েকজন মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে জিঙ্গ সম্পৃক্ততার অভিযোগ তুললে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর তিনি আর সরকারদলীয় সাংসদ ছিলেন না। তবে স্বতন্ত্র হিসেবে তাঁর সদস্যপদ বহাল ছিল। ২০১২ সালে সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। তখন জাতীয় পার্টি থেকে গোলাম রেজার সদস্যপদ বাতিলের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলেও সংসদ অতীতের রেওয়াজ অনুসরণ করে তা আমলে নেয়নি। যে কারণে নবম সংসদের বিলুপ্তির আগ পর্যন্ত গোলাম রেজার সদস্যপদ বহাল ছিল।
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী হজ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে বক্তব্য দিয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। এ অবস্থায় তাঁর সংসদ সদস্যপদ বহাল থাকবে কি না, তা নিয়ে বিতর্ক চলছে।
এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, আওয়ামী লীগ থেকে লতিফ সিদ্দিকীর সদস্যপদ বাতিলের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে জেনে সংসদ সচিবালয়ের আইন শাখা সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে পর্যালোচনা শুরু করেছে। এ বিষয়ে কর্মকর্তারা স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে একাধিক বৈঠক করে সংবিধান ও আরপিওর বিভিন্ন দিক তুলে ধরেছেন।
সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, কোনো ব্যক্তি কোনো আইনের দ্বারা নির্বাচনের অযোগ্য হলে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার যোগ্য হবেন না। ৭০ অনুচ্ছেদে বলা আছে, কোনো সাংসদ দল ত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে, তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে।
৬৬ অনুচ্ছেদের ৪ নম্বর দফায় বলা আছে, কোনো সাংসদ নির্বাচনের পর অন্য কোনো আইনের অধীন অযোগ্য হয়েছেন কি না কিংবা দলের বিপক্ষে ভোট দেওয়া বা দল থেকে পদত্যাগের কারণে তাঁর আসন শূন্য হবে কি না, এ নিয়ে বিতর্ক দেখা দিলে বিষয়টি শুনানির জন্য নির্বাচন কমিশনে পাঠাতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আরপিওর ১২ ধারায় প্রার্থীর অযোগ্যতা সম্পর্কে বলা আছে, কোনো ব্যক্তি ভোটার তালিকাভুক্ত না হলে, সরকারের লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে, নিবন্ধিত দল কর্তৃক মনোনীত না হলে এবং শর্ত পূরণ করে স্বতন্ত্র প্রার্থী না হলে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা সদস্য থাকার যোগ্য হবেন না।
কিন্তু সংসদ সচিবালয়ের কোনো কোনো কর্মকর্তার মতে, আরপিওর ১২ ধারা অনুযায়ী লতিফ সিদ্দিকীর সদস্যপদ বাতিল করা সম্ভব। এ কথা তাঁরা স্পিকারের কাছেও উপস্থাপন করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন প্রথম আলোকে বলেন, ৭০ অনুচ্ছেদের আওতায় আবদুল লতিফ সিদ্দিকীর সদস্যপদ বাতিল করা যাবে না। আরপিওর ১২ ধারা অনুযায়ী তাঁর সদস্যপদ বাতিল করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা যেতে পারে। এ বিষয়ে আরও পর্যালোচনার প্রয়োজন আছে।