পবিত্র হজ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি। প্রয়োজনে এর জন্য নতুন আইন করারও দাবি জানিয়েছে দলটি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী। তিনি বলেন, ‘পবিত্র হজ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং দলের সদস্যপদ থেকে বাদ দেওয়ার নোটিশ জারি করা হয়েছে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু লতিফ সিদ্দিকী যে জঘন্য অন্যায় করেছেন, তাঁর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য আইন করে তা কার্যকর করার কোনো বিকল্প নেই।’ এ বিষয়ে হেফাজতে ইসলাম কোনো কর্মসূচি দেয়নি। তবে সংবাদ সম্মেলনে আগামী জানুয়ারি মাস পর্যন্ত সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আছে ২০ নভেম্বর ঢাকা অঞ্চলের উলামা প্রতিনিধি সম্মেলন এবং নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বৃহত্তর ঢাকা জেলা, উপজেলা ও মহানগরে শানে রেসালাত সম্মেলন।
সম্মিলিত ইসলামী দলসমূহ লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার ও তাঁর সর্বোচ্চ শাস্তির দাবিতে ২৬ অক্টোবর হরতাল দিয়েছে। হেফাজতে ইসলাম এ কর্মসূচি সমর্থন করে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূর হোসেন কাসেমী বলেন, ‘মহানগর কমিটি কোনো সিদ্ধান্ত দিতে পারে না। হেফাজতের আমির শাহ আহমদ শফী যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। তাঁর সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’