লতিফের সাংসদ থাকার বিষয়ে সুরঞ্জিতের ব্যাখ্যা

মহানবী হজরত মুহাম্মদ (স.), পবিত্র হজ ও তাবলিগ নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়া লতিফ সিদ্দিকীর সাংসদ পদ থাকার বিষয়ে ব্যাখ্যা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদ সদস্য পদ যায় দুই কারণে। একটি হলো—দলের বিরুদ্ধে সংসদে ভোট দিলে। আরেকটি ওই সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে। কিন্তু তিনি কোনোটিই করেননি। তাই বুঝতে হবে, তার সদস্য পদ আছে। আর দল সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু নির্বাচিত করে সংসদীয় এলাকার জনগণ। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদে সংসদীয় এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন।
বিশ্বব্যাংক তাঁদের প্রতিবেদনে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা জানতাম না যে, ওরা (বিশ্বব্যাংক) এ কথা বলতে পারবে। যারা পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে টাকা ফেরত নিল, তারা এই স্বীকৃতি দিল। আসলে কেউ কিছু অর্জন করলে অর্জন স্বীকার করতে হয়। এর পেছনে যিনি রয়েছেন, যিনি নিরলস-অবিচলভাবে কাজ করে যাচ্ছেন তিনি আর কেউ না; প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা তাঁর একক কৃতিত্ব।’
আওয়ামী তরুণ লীগের আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোসলেহউদ্দিন, আওয়ামী লীগ নেতা নারায়ণ দেবনাথ, তরুণ লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।