লন্ডনপ্রবাসী বিএনপির নেতা তারেক রহমানকে উদ্দেশ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে থেকে রাজনীতি করতে সাহস না থাকায় তিনি লন্ডন থেকে ঢিল ছোড়াছুড়ি করছেন। আমি তাঁর নাম উচ্চারণ করতে চাচ্ছি না। সাহস থাকলে লন্ডনে থেকে ষড়যন্ত্র কেন, দেশে এসে রাজনীতি করুন। দেখি কারা হারে আর কারা জেতে।’
গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনার আয়োজন করা হয়।
বিএনপিকে ‘তর্জন-গর্জনসর্বস্ব দল’ বলে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, ভুলের চোরাবালিতে বিএনপির রাজনীতি হারিয়ে গেছে। আসন্ন নির্বাচনে যে ভুল করেছে, তার মাশুল তারা দিচ্ছে। আর এই ভুলের মাশুল দিতে গিয়ে তারা আরও নতুন নতুন ভুলের জন্ম দিচ্ছে।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রমুখ।