লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি দেশটির হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামানকে উদ্ধৃত করে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় সেখানে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে বিদায় জানান।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার, গৃহকর্মী ফাতেমা প্রমুখ খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
স্ত্রী-সন্তান নিয়ে প্রায় আট বছর ধরে লন্ডনে আছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী দুই সন্তানসহ মালয়েশিয়া থেকে লন্ডনে গেছেন। এখন থেকে তাঁরা সেখানেই থাকবেন বলে জানা গেছে। এর ফলে দীর্ঘদিন পর খালেদা জিয়ার পুরো পরিবার লন্ডনে একত্র হচ্ছে। সে জন্যই এবার তিনি লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান তাঁর ফেসবুকে জানান, চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার ফাঁকে দলের প্রবাসী নেতা কর্মীদের সঙ্গেও সফরকালে খালেদা জিয়ার কর্মসূচি হতে পারে। সফর শেষে ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এদিকে খালেদা জিয়ার অবর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য দলের চার নেতাকে মৌখিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দৈনন্দিন কর্মসূচি, নজরুল ইসলাম খান গুলশানের কার্যালয় ও যুগ্ম মহাসচিব মো. শাহজাহান দল পুনর্গঠনের প্রক্রিয়া সমন্বয় করবেন। আর দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন আগের মতোই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দেশের বাইরে চিকিৎসাধীন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিগগিরই দেশে ফিরতে পারেন বলে বিএনপির সূত্রে জানা গেছে।