লন্ডন মার্কা সহায়ক সরকার মানুষ মেনে নেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গেছেন। টেমস নদীর তীরে বসে তিনি সহায়ক সরকারের রূপরেখা পরিকল্পনা করছেন। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, তিনি নির্বাচনী ফর্মুলা আনতে গেছেন। ধার করা ফর্মুলা দিয়ে নির্বাচন হবে না। এ দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। লন্ডন মার্কা সহায়ক সরকার মানুষ মেনে নেবে না।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আগামী নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হবে। যথাসময়ে হবে। যেসব সংস্থা রাখা দরকার তাদের নিয়ে কমিশনের অধীনেই নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে হেরে যাবে বলেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার খেলায় মেতে উঠেছে।’
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র যতই আসুক, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। তাঁদের একজন মামলার ভয়ে লন্ডনে পালিয়ে আছেন। দেশে আসার সাহস থাকতে হবে তো!’
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।