লন্ডন যাচ্ছেন খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য কয়েক দিনের মধ্যে লন্ডন যাবেন। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিপন বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। চলতি মাসের ১১,১২ বা ১৩ তারিখ তিনি রওনা হতে পারেন। এটি তাঁর চিকিৎসকের সাক্ষাতের সময়ের ওপর নির্ভর করছে। তিনি সেখানে এক সপ্তাহ থেকে ১০ দিন থাকতে পারেন।
আরেক প্রশ্নের জবাবে রিপন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো থাকলে লন্ডনে রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। যেহেতু খালেদা জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, একটি বড় দলের প্রধান, তাই এ ধরনের সাক্ষাৎ অস্বাভাবিক কিছু নয়।
লন্ডনে ‘চিকিৎসার জন্য’ দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এ বছর রমজানে সৌদি আরবে মা ও ছেলের দেখা হওয়ার সম্ভাবনা ছিল। সে দেশে তাঁদের ওমরাহ পালনের কথা ছিল। শেষ পর্যন্ত খালেদা জিয়া ও তারেক সৌদি আরব যাননি।
রিপন অভিযোগ করেন, এইচএসসির ফল খারাপ হওয়ায় সরকার বিএনপিকে দায়ী করার মতো ঠুনকো যুক্তি দিয়ে দলকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তাঁর দাবি, বিরোধীদের জন্য নয়, শিক্ষাব্যবস্থায় নৈরাজ্যের কারণে এবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল খারাপ হয়েছে।