লন্ডনে খালেদার দুই মাস, দেশে ফেরা আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া l ফাইল ছবি
খালেদা জিয়া l ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন অবস্থানের দুই মাস পূর্ণ হয়েছে গতকাল রোববার। খালেদা জিয়ার অফিসের কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁর আজ সোমবার দেশে ফেরার কথা ছিল। তবে তিনি ফিরছেন না। তাঁর দেশে ফেরার সময় আরেক দফা পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
গত ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া ব্যক্তিগত সফরে লন্ডন পৌঁছান। সেখানে তিন সপ্তাহ অবস্থান শেষে তাঁর দেশে ফেরার কথা থাকলেও ইতিমধ্যে তা কয়েক দফা পেছানো হয়েছে। ব্যক্তিগত এই সফরে খালেদা জিয়া তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী ও দুই মেয়ে সেখানে রয়েছেন।
লন্ডনে অবস্থানরত বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া আপাতত ২০ নভেম্বরের আগে দেশে ফিরছেন না, এটা নিশ্চিত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা প্রথম আলোকে বলেন, ২০ নভেম্বর খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জন্মদিন। পরিবারের চাপাচাপিতে তিনি ছেলের জন্মদিন পালনের জন্য ফেরার সময় বিলম্বিত করেছেন। তবে ২৫ নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। বিএনপির আরেক নেতা দাবি করেন, ২০ নভেম্বরই খালেদা জিয়া দেশের উদ্দেশে রওনা দেবেন। পরদিন তিনি দেশে পৌঁছাবেন।
দীর্ঘ দুই মাস অবস্থানকালে খালেদা জিয়া একান্ত পারিবারিকভাবেই সময় পার করেছেন। এ সময়ে তাঁর এক চোখের ছানি অপারেশন এবং হাঁটুর চিকিৎসা হয়েছে। লন্ডনে আসার এক সপ্তাহের মাথায় খালেদা জিয়া গত ২৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যপ্রবাসীদের সঙ্গে একটি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হাজির হন। এরপর ১ নভেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি নাগরিক সভায় বক্তব্য দেন তিনি। এ ছাড়া খালেদা জিয়া অন্য কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি।
১ নভেম্বরের এক সভায় খালেদা জিয়া বলেন, তাঁর পরিবারের লোকেরা তাঁকে যেতে দিতে চায় না। ওরা চায় তিনি আরও কিছুদিন তাদের সঙ্গে সময় কাটান। কিন্তু দেশের যে অবস্থা, তাঁকে দ্রুত দেশে ফিরতেই হবে। তিনি সেদিন আগের চেয়ে বেশ সুস্থ এবং ভালো আছেন বলে জানিয়েছিলেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রথম আলোকে বলেন, ছোট ছেলে আরাফাত রহমান মারা যাওয়ার পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার এই সফরে প্রথম সাক্ষাৎ হয়েছে। তাঁর ছোট ছেলের পরিবারও এখানে বসবাস করছে। ফলে বেশ কয়েক বছর পর তিনি পরিবারের সবাইকে একসঙ্গে পেয়েছেন। স্বাভাবিকভাবে তাঁর পরিবার তাঁকে ছাড়তে চাইছে না। কিন্তু বাংলাদেশের মানুষ তাঁর জন্য অপেক্ষা করছে। তাই তিনি খুব শিগগির দেশে ফিরবেন।