লন্ডনে চিকিৎসক দেখিয়েছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রথম আলোকে বলেন, স্থানীয় সময় দুপুরে খালেদা জিয়া সেন্ট্রাল লন্ডনের হার্লি স্ট্রিটের একজন চিকিৎসকের কাছে যান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তাঁর মাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় তারেকের স্ত্রী জোবায়দা রহমান তাঁদের সঙ্গে ছিলেন।

এম এ মালেক বলেন, মায়ের চিকিৎসার বিষয়টি তারেক রহমান নিজেই দেখাশোনা করছেন। পরিবার থেকেই চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় ঠিক করা হচ্ছে। ফলে তিনি (মালেক) খালেদা জিয়ার শারীরিক অবস্থা বা পরবর্তী সাক্ষাতের সময় সম্পর্কে কিছুই জানেন না। লন্ডন সফরে খালেদা জিয়ার পা ও চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।

জানা গেছে, ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া পরিবারিকভাবেই সময় পার করছেন। গত ১৬ সেপ্টেম্বর সকালে লন্ডনে আসার পর তিন দিনের মাথায় গত শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্য বিএনপির কয়েকজন নেতা। এরপর গতকাল বিকেল পর্যন্ত তিনি আর কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেননি।

এম এ মালেক বলেন, ‘বৃহস্পতিবার যুক্তরাজ্যে ঈদ উদ্‌যাপিত হবে। ওই দিন খালেদা জিয়া প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ওই অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে।