লন্ডনে প্রধানমন্ত্রীর সংবর্ধনা রোববার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী রোববার লন্ডনে সংবর্ধনা দেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ। দলের সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার অর্জন ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সংবর্ধনা দেওয়া হবে।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনে আসছেন। এটি তাঁর ব্যক্তিগত সফর। ১৭ জুন বুধবার তাঁর দেশে ফেরার কথা। পাঁচ দিনের এই সফরে সংবর্ধনা অনুষ্ঠান ছাড়া প্রধানমন্ত্রীর অন্য কোনো রাজনৈতিক বা সরকারি কর্মসূচির কথা জানা যায়নি।
তবে গত শনিবার লন্ডনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বলেন, দীর্ঘদিন পর খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে যাচ্ছে। তিনি চোখের চিকিৎসা করাতে লন্ডনে আসছেন।
সংবর্ধনার আয়োজন সম্পর্কে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ প্রথম আলোকে বলেন, রোববার বিকেলে লন্ডনের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে স্বৈরাচারের পতন, গণতন্ত্রায়ণ, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি সর্বশেষ ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি কার্যকরে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ সাংসদসহ বেশ কয়েকজন ব্রিটিশ সাংসদকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।