লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের যুক্তরাজ্য সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ শুক্রবার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইটে তিনি রওনা হন। খবর বাসসের।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও চিফ হুইপ এএসএম ফিরোজ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন ও ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।
বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান ও বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।